জেসমিন ইসলাম। অর্থ আত্মসাতের ঘটনায় বহুল আলোচিত প্রতিষ্ঠান, হলমার্কের চেয়ারম্যান। দুর্নীতি মামলায় দেশের সর্ব্বোচ্চ আদালত তার জামিন বাতিল করে দেন গত ফেব্রুয়ারিতে। কিন্তু ১০ মাস পেরিয়ে গেলেও এখনো আত্মসমর্পণ করেননি তিনি। দুর্নীতি দমন কমিশনের দাবি খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। আপিল বিভাগ বলছেন, নিয়ম মেনে জেসমিন ইসলামকে জামিন দেয়া হয়নি।হলমার্ক কেলেংকারী দেশের ব্যাংকিং খাতের ইতিহাসে সবচেয়ে বড় জালিয়াতির ঘটনা। সরকারি মালিকাধীন সোনালী ব্যাংকের বেশ কিছু কর্মকর্তার যোগশাজশে ভূঁইফোড় এ কোম্পানিটি লুটে নেয় প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা।
আর এ লুটের সাথে জড়িত সন্দেহে সোনালী ব্যাংক আর হলমার্কের প্রায় ২৭ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন-দুদক। এ মামলার অন্যতম আসামী হলমার্কের এম ডি তানভীর মাহমুদের স্ত্রী জেসমিন ইসলাম। যিনি আবার ওই প্রতিষ্ঠানটির চেয়ারম্যানও।
সম্পদের তথ্য বিবরণী না দেয়ার মামলায় চলতি বছর ১৯ জানুয়ারি হাইকোর্ট থেকে আগাম জামিন পান জেসমিন ইসলাম। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ১০ ফেব্রুয়ারি তার জামিন বাতিল করেন আপিল বিভাগ। কিন্তু এরপর ১০ মাস পেরিয়ে গেলেও দেশের সর্ব্বোচ্চ আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই চলেছেন জেসমিন ইসলাম। আইন অনুযায়ী যেখানে জামিন বাতিলের পরপরই তার আত্মসমর্পন করার কথা, সেখানে আদালতে যাওয়ারই প্রয়োজন মনে করেননি তিনি।
৪ ডিসেম্বর জেসমিন ইসলামের জামিন বাতিলের আপিল বিভাগের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ হয়। যাতে বলা হয়েছে, তাকে জামিন দেয়ার সময় কোন আইন মানেননি হাইকোর্ট। একই সাথে আগাম জামিনের শর্তও পূরণ করেনি উচ্চ আদালতের ওই বেঞ্চ।
দুদকের আইনজীবী বলছেন, আইনের দৃষ্টিতে জেসমিন ইসলাম এখন পলাতক। তাই এই মামলায় তাকে গ্রেফতারেও কোনো বাধা নেই।
এর আগে গত বছর আগস্টে দুদকের ১১ টি দুর্নীতি মামলায় মাসে ১০০ কোটি টাকা দেয়ার শর্তে জামিন পান জেসমিন। কিন্তু জামিনের পর পরিশোধ করেননি একটি পয়সাও।

0 comments:
Post a Comment