latest Post

পাকিস্তানের সঙ্গে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

আসন্ন বিশ্বকাপটা উপমহাদেশের দলগুলোর জন্য যে চ্যালেঞ্জিং হবে, সেই প্রমাণ মিলল আরেকবার। দুই ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে পাকিস্তান।

শুরুতে ব্যাট করে ৪৫.৩ ওভারে ২১০ রান করে অলআউট হয় সফরকারীরা। জবাব দিতে নেমে ৩৯.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে চরম ব্যর্থতার পরিচয় দেয় ভারত। এর ধারাবাহিকতায় পাকিস্তানও ব্যর্থতার পরিচয় দিল। সফরকারীদের পক্ষে অপেক্ষাকৃত তরুণ ব্যাটসম্যানরা সাফল্য পাননি। অধিনায়ক মিসবাহ-উল-হক ও অলরাউন্ডার শহীদ আফ্রিদি যেটুকু খেলেছেন তাতে স্কোরটা দুশ’র ওপর যায়।

২৯ বল থেকে ৯টি চার ও ৩টি ছক্কার মারে ৬৭ রান করেন আফ্রিদি। একটু ধীরগতিতে খেললেও দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান করেন মিসবাহ। অন্য ব্যাটসম্যানদের কেউই সুবিধা করতে পারেননি।

কিউই বোলারদের মধ্যে গ্র্যান্ট ইলিয়ট ৩টি এবং কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট ও কাইল মিলস ২টি করে উইকেট নেন।

জবাবে শুরুটা জুতসই না হলেও স্বল্প রানের লক্ষ্য তাড়া করতে সমস্যা হয়নি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের। প্রথম ১০১ রানে ৩টি উইকেট হারান তারা। তবে চতুর্থ উইকেট জুটিতে রস টেলর ও ইলিয়টের নৈপুণ্যে জয়ের বন্দরে পৌঁছতে আর কোনো উইকেট হারাতে হয়নি। ইলিয়ট ৬৪ ও টেলর ৫৯ রান করেন।

বল হাতে তিন উইকেট ও ব্যাট হাতে ৬৪ রান করে ম্যাচ-সেরা নির্বাচিত হন নিউজিল্যান্ডের গ্র্যান্ট ইলিয়ট।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment