latest Post

৩ দিনের সফরে আজ ভারত আসছেন বারাক ওবামা

নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি। আকাশপথে ৪০০ কিলোমিটার এলাকাকে আগামীকাল প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঘোষণা করা হয়েছে নো-ফ্লাই জোন। বাণিজ্যিক বিমানের উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। মোতায়েন করা
হয়েছে অতিরিক্ত পুলিশ। চলছে মেট্রো স্টেশনগুলোতে অতিরিক্ত তল্লাশি। দিল্লির বহুতল ভবনে অবস্থান নিচ্ছে সশস্ত্র স্নাইপার। আজ তিন দিনের ভারত সফরে দিল্লি পৌঁছানোর কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার। এ উপলক্ষে নয়া দিল্লির নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নিশ্চিত করা হয়েছে ৭ স্তরের নিরাপত্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রজাতন্ত্র দিবসের প্রধান হিসেবে এটাই কোন মার্কিন প্রেসিডেন্টের প্রথম ভারত সফর। ভারতের উদ্দেশে গতকাল সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রুজ বিমান ঘাঁটি থেকে এয়ারফোর্স ওয়ানে যাত্রা শুরু করেন ওবামা। হোয়াইট হাউস জানিয়েছে, ফার্স্ট লেডি মিশেল ওবামাসহ আজ সকালে নয়া দিল্লি পৌঁছানোর কথা মার্কিন প্রেসিডেন্টের। তিন দিনের এ সফরের শেষ দিন ওবামার আগ্রা যাওয়ার কথা ছিল। কিন্তু সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহর মৃত্যুর পর তিনি ভারত সফর আগে ভাগেই শেষ করবেন। ভারত থেকে মঙ্গলবার তার যাওয়ার কথা রয়েছে সৌদি আরবে। মার্কিন সরকারের সূত্র এবং আগ্রা কমিশনার উভয়েই এ তথ্য নিশ্চিত করেছেন। নয়া দিল্লির নিরাপত্তা সংস্থাগুলো প্রজাতন্ত্র দিবসে রাজধানীর আকাশপথে নো ফ্লাই জোন ৩০০ কিলোমিটার থেকে বাড়িয়ে ৪০০ কিলোমিটার করেছে। পশ্চিমে জয়পুর এবং দক্ষিণে আগ্রা শহর এবং নিকটবর্তী পাকিস্তান সীমান্ত পর্যন্ত তা বিস্তৃত করা হয়েছে। রাজপথে দুই ঘণ্টাব্যাপী সামরিক কুচকাওয়াজ চলাকালে আকাশপথে চলাচলে নিষেধাজ্ঞা থাকবে বাণিজ্যিক বিমানগুলোর ওপর। অনুষ্ঠান সমাপ্তি হবে সামরিক বিমানের মহড়া দিয়ে। নিরাপত্তা জোরদার করতে নেয়া ব্যবস্থার মধ্যে রয়েছে, অতিরিক্ত পুলিশি টহল, মেট্রো স্টেশনগুলোতে অতিরিক্ত তল্লাশি, কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment